ইনফো টাইমস ডেস্ক:
লক্ষ্মীপুরের রামগতিতে বিজয় দিবসের অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ’ নামের নাটকে নারী নির্যাতনের অভিনয়ে পাঞ্জাবি-টুপি পরে অভিনয় করাকে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ অভিযোগ এনে বাধা দেন স্থানীয় জামায়াত ইসলামীর নেতারা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আলেকজান্ডার আ স ম আব্দুর রব সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এতে কলেজের শিক্ষার্থী, অধ্যক্ষ, ইউএনও এবং জামায়াত নেতাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে জামায়াত নেতাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে প্রথম প্রহরের অনুষ্ঠান শেষে আ স ম আব্দুর রব সরকারি কলেজ মাঠে সকাল ১০টার দিকে কুচকাওয়াজ অনুষ্ঠান চলছিল। এসময় নারী নির্যাতনের অভিনয়ে ‘মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ’ নামের নাটক চলছিল। আ স ম আব্দুর রব সরকারি কলেজের প্রায় ১২-১৫ জন শিক্ষার্থীরা অংশ নেন ওই নাটকে। এসময় তারা পাঞ্জাবি-টুপি পরে মুক্তিযোদ্ধা-রাজাকারের মধ্যে ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে অভিনয় করায় মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে মঞ্চ থেকে প্রতিবাদ জানান রামগতি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহিম ও পৌর আমির আবুল খায়ের।