সৌদি আরবের রাজধানী রিয়াদের অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক এলাকায় ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রিয়াদের দূতাবাস এলাকা লক্ষ্য করে ধেয়ে আসা দুটি ড্রোনকে আকাশেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ড্রোন দুটি যখন সরাসরি কূটনৈতিক জোনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে সেগুলোকে শনাক্ত করে ধ্বংস করা হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।